দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ভাদুতলাতে, ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অজিত চক্রবর্তী (৬৩)। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ভাদুতলা এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক ধরে পথ অবরোধ করা হয়। পরে শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাদুতলা এলাকাতেই বাড়ি অজিত বাবুর। জেলাশাসকের কার্যালয়ে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তিনি। বছর তিনেক আগে অবসর নিয়েছেন। এদিন সন্ধ্যায় বাজার সেরে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেইসময়ই ভাদুতলা স্কুলের কাছে পিড়াকাটা অভিমুখী একটি বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর সাইকেলের পিছেনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অজিতবাবু। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, অজিত বাবুর মৃত্যু হয়েছে। এরপরই ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ট্রাক্টরের চালককে। সেইসঙ্গেই মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। শালবনী থানার আইসি সৌরভ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে, অবরোধ তুলতে গেলে উত্তেজিত জনতার সাথে পুলিশের বচসা বাঁধে। শেষমেশ পুলিশের আশ্বাসে প্রায় ঘন্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যানজট মুক্ত হয় রাজ্য সড়ক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। আইসি জানিয়েছেন, মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে, চালক পলাতক। ক্ষতিপূরণের বিষয় নিয়েও আশ্বাস দেওয়া হয়ছে পুলিশের তরফে।










