দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের উপকন্ঠে মাইতিগোলা এলাকায়, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের আহত প্রায় ৫ জন। মৃত্যু হয়েছে মারুতি ওমনির চালক আবু নাসের এবং মারুতিতে থাকা এক শিক্ষিকার। শিক্ষিকার নাম রূপা প্রামাণিক (৪৪)। তিনি কেশপুর গার্লস হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। মুন্ডুলিকা হাইস্কুলে উচ্চমাধ্যমিকের ইনভিজিলেটরের দায়িত্ব সেরে মারুতি ওমনিতে করে ফিরছিলেন। ওই গাড়িতেই ছিলেন তাঁর সহকর্মী, কেশপুর গার্লস হাইস্কুলের গণিতের শিক্ষিকা কঙ্কনা সাঁতরা (৪৯)। এই মুহূর্তে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার অভিঘাতে দু’জন বাইক আরোহীও আহত হয়েছেন। তাঁরাও চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে।

thebengalpost.net
দুর্ঘটনাগ্রস্ত মারুতি ওমনি:

thebengalpost.net
বিজ্ঞাপন:

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেশপুরের মুন্ডুলিকা হাইস্কুলে ইনভিজিলেটরের দায়িত্ব সেরে মারুতি গাড়িতে করে মেদিনীপুর শহরে ফিরছিলেন দুই দিদিমণি। অপরদিকে, মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল মালবাহী একটি ট্রাক। মেদিনীপুর গ্রামীণের মুন্ডুলিকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মুখোমুখি ধাক্কা মারে মারুতিকে। দুমড়ে মুচড়ে যায় মারুতিটি। দ্রুত স্থানীয়দের সহায়তায় কোতোয়ালী থানার পুলিশ মারুতিতে থাকা চালক ও দুই দিদিমণিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানেই চিকিৎসকেরা চালক ও একজন দিদিমণিকে মৃত বলে ঘোষণা করে। অপর এক দিদিমণি আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন। দুর্ঘটনার অভিঘাতে দুই বাইক আরোহীও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাজ্য সড়কের উপর। তাঁরাও চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এদিকে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ মৃত দিদিমণির স্কুলের সকল সহকর্মীরা। কেশপুর গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি ভুঁইয়া বলেন, ‘আমরা মর্মাহত! রূপা দিদিমণি চালকের পাশের আসনে বসেছিলেন। গাড়ির চালক এবং রূপা দিদিমণির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। রূপা কোনদিন চালকের পাশে বসেনা। আজকেই বসল! কিছুতেই মেনে নিতে পারছিনা।’ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’

thebengalpost.net
মেদিনীপুর মেডিক্যালে শোকাহত দিদিমণিরা: