Recent

Medinipur: ‘গত বছর মেদিনীপুরের সব ঠাকুর দেখেছিলাম’, চোখে জল সন্ধ্যার, পুজোর আলো নেই সুবল সোরেনের পরিবারে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: “গত বছর পুজোর সময় আমরা মেদিনীপুর শহরে ছিলাম। মেয়েটার তখন সবে ১ বছর বয়স। ওকে নিয়েই ঘুরেছি। সব ঠাকুর দেখেছিলাম…!” বলতে বলতেই গলাটা ধরে আসে সন্ধ্যার। গত ১৫ আগস্ট সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর স্বামী তথা পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাসিনি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ‘যোগ্য’ (আনটেন্টেড) শিক্ষক সুবল সোরেনের। তারপর থেকেই পরিবারে নেমে আসে ‘অন্ধকার’! স্বাভাবিকভাবেই এবার আর পুজোর আলো নেই সন্ধ্যার পরিবারে।

সুবল সোরেন (ছবি- সংগৃহীত):

বিজ্ঞাপন (Advertisement):

মঙ্গলবার, অষ্টমীর দিন বিকেলে কান্না ভেজা গলায় সন্ধ্যা বলেন, “এবার আর বাড়ি থেকে বেরোইনি। শরীর, মন কিছুই ভালো নেই। বাড়ির কারুরই মন ভালো নেই!” ‘মন’ ভালো থাকার অবশ্য কথাও নয়। বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন সন্ধ্যার স্বামী সুবল। অনেক ‘লড়াই’ করে শিক্ষকতার চাকরিটা পেয়েছিলেন তিনি। ২০১৬-র SSC-তে নিজের ক্যাটাগরিতে সুবলের র‌্যাঙ্ক ছিল ‘চার’। গত ৩ এপ্রিল (২০২৫) সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরিটাই চলে যায় সুবলের। তারপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের এই ‘যোগ্য’ (আনটেন্টেড) শিক্ষক। বাড়িতে বৃদ্ধ বাবা ছাড়াও স্ত্রী ও দু’বছরের শিশুকন্যা! প্রবল দুশ্চিন্তা আর হতাশা সত্ত্বেও, কলকাতা থেকে মেদিনীপুর, চাকরিহারাদের আন্দোলনে সর্বত্র তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছে। শেষমেশ আর পেরে ওঠেননি সুবল! গত ১১ আগস্ট (২০২৫) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয় কলকাতায়। সেখানেই (কলকাতায়) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট সকাল ৮টা নাগাদ না ফেরার দেশে পাড়ি দেন ‘যোগ্য-শিক্ষক’ সুবল সোরেন। সুবলের সহযোদ্ধা তথা পশ্চিম মেদিনীপুরের অন্য যোগ্য শিক্ষকরা বলেন, মেধাবী সুবল হয়তো আদালতের নির্দেশে অনুষ্ঠিত গত ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষাতে পাস করে আবারও নিজের চাকরিটা ফিরে পেতেন; কিন্তু সবার পক্ষে তো সেই চাপটা নেওয়া সম্ভব নয়! কৃষ্ণগোপাল চক্রবর্তীর, সুদীপ মুখার্জিরা বলেন, “এই দায় নিতে হবে রাজ্য সরকার এবং আদালতকেই। সরকার দুর্নীতি করল, আর আদালত যোগ্যদের চাকরিটা কেড়ে নিল! মাত্র ৩৫ বছরের তরতাজা শিক্ষক চলে গেলেন। ওঁর পরিবারের কি হবে! সুবলের দু’বছরের কন্যা সন্তানের কি হবে? আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার সাথে সাথেই সুবলের স্ত্রী-র জন্য উপযুক্ত চাকরির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব।”

সন্ধ্যা সোরেন:

সুবলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের রেমু সংলগ্ন সরকি গ্রামে। মেদিনীপুরের একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি। সেই সূত্রেই চাকরি পাওয়ার পর মেদনীপুরে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। তবে, দূরত্ব বেশি হয়ে যাওয়ার কারণে বছরখানেক আগে ডেবরা বাজারের কাছে (স্কুলের কাছাকাছি এলাকায়) বাড়ি ভাড়া নিয়ে চলে আসেন তিনি। সেই বাড়িতেই এখনও সুবলের সমস্ত জিনিসপত্র আছে। এই মাসের ভাড়া মিটিয়ে আজ, বুধবারই (১ অক্টোবর) সেই বাড়িটা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন সুবলের ভাইরা ভাই (শ্যালিকার স্বামী) তথা সন্ধ্যার জামাইবাবু মাধবচন্দ্র হাঁসদা। বর্তমানে তাঁরা সকলেই দাঁতনের আনিকোলা গ্রামে, সুবলের শ্বশুরবাড়িতে আছেন। ষষ্ঠীর দিন (রবিবার) বিকেলে সেখানে গিয়েই পশ্চিম মেদিনীপুরের তিন যোগ্য শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, সুদীপ মুখার্জি ও সত্য সোরেন সুবলের স্ত্রী সন্ধ্যার হাতে পুজোর নতুন বস্ত্র কেনার জন্য কিছু অর্থ তুলে দিয়েছেন। ভবিষ্যতেও তাঁরা সন্ধ্যা ও তাঁর শিশুকন্যা সুপ্রিয়া-র ভবিষ্যৎ ‘সুরক্ষিত’ করার জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন। সন্ধ্যার জামাইবাবু বলেন, “প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, সুবল যোগ্য শিক্ষক ছিল। অনেক লড়াই করে এই চাকরিটা পেয়েছিল সে। ওঁর স্ত্রী ও শিশুকন্যার কথা ভেবে সন্ধ্যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হোক।” সন্ধ্যা (সুবলের স্ত্রী) উচ্চ মাধ্যমিক পাস বলেও জানিয়েছেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

সন্ধ্যার সঙ্গে দেখা করতে যোগ্য শিক্ষকরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago