Vidyasagar University

Vidyasagar University: ক্যাম্পাসের ৩২-টি গাছ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরেই তৈরী হচ্ছে খাঁটি ‘নলেন গুড়’! চেখে দেখলেন ভিন রাজ্যের পড়ুয়ারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) ফের এক অভিনব উদ্যোগ! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’- এ অবস্থিত ৩২-টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে ক্যাম্পাস চত্বরেই তৈরী করা হচ্ছে খেজুরের গুড় বা নলেন গুড়। ইতিমধ্যে, প্রথম দফায় সেই খাঁটি নলেন গুড় এবং গুড় থেকে নানা খাদ্যসামগ্রীও তৈরি করা হয়েছে। সম্প্রতি (৯-১৩ জানুয়ারি), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা (All India Inter University Women’s Football Tournament) উপলক্ষে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে (Food Festival)-ও এই গুড় থেকে তৈরি নানা খাদ্যসামগ্রী রাখা হয়েছিল। যা চেখে দেখেছেন ভিন রাজ্য থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। বেশ প্রশংসাও করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপকরাও এই গুড় কিংবা গুড় থেকে তৈরি নানা খাদ্যসামগ্রী খেয়ে আপ্লুত!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে:

এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বানিজ্যিক কারণে এই গুড় তৈরি করা হয়নি। প্রথাগত শিক্ষার পাশাপাশি গ্রাম বাংলার সংস্কৃতিও পড়ুয়াদের সামনে সরাসরি তুলে ধরতেই এই উদ্যোগ। সর্বোপরি, এই শীতের মরসুমে তথা পিঠে-পুলি-খেজুর গুড়ের মরসুমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ‘সবুজ’ ক্যাম্পাসে এক প্রকার ‘অবহেলিত’ হয়ে পড়ে থাকা ৩২-টি খেজুর গাছ থেকে খাঁটি গুড় তৈরী করার এক আবেগও কাজ করেছে বলে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক। আর তাই, বাইরে থেকে রীতিমত পেশাদার শিউলি (যিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করবেন) নিয়ে এসে ক্যাম্পাসে থাকা খেজুর গাছগুলি থেকে রস সংগ্রহ করে এবং সেই রস থেকে নলেন গুড় তৈরির উদ্যোগ নেওয়া হয়। জানা যায়, ঝাড়গ্রাম জেলার বিনপুর এলাকা থেকে সুব্রত কর্মকার নামে এক শিউলিকে নিয়ে এসে তাঁকে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে রেখে ক্যাম্পাসে থাকা ৩২-টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গত প্রায় দু’সপ্তাহ ধরে খেজুর গুড় বা নলেন গুড় তৈরি করা হয়েছে। সম্প্রতি, পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি উপলক্ষে তিনি বাড়ি গিয়েছেন। ছুটি সেরে তিনি বাড়ি থেকে ফিরলেই ফের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের জন্য এই গুড় তৈরি করা হবে বলে জানা গেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে। বিশ্ববিদ্যালয় সূত্রে এও জানা গেছে, প্রতিদিন ১৫ থেকে ২৫ লিটার পর্যন্ত রস সংগ্রহ করা হয়েছে। এক শিউলির কথায়, ৩২-টি গাছ থেকে সংগ্রহ করা রসে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত গুড় তৈরি করা হয়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যালে:

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, “আমাদের ক্যাম্পাসের মধ্যেই ৩২-টি খেজুর গাছ রয়েছে। আমরা এবারই প্রথম শিউলি নিয়ে এসে সেই গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেছি। তবে, বানিজ্যিক উদ্দেশ্যে এই গুড় তৈরি নয়। গ্রাম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে বাইরের বহু মানুষ আসেন। এবার তাঁরা এখানে এসে এই গুড় ও গুড়ের তৈরি নানা সুস্বাধু খাবার পাবেন। এই যেমন সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা খেলতে আসা ভিন রাজ্যের পড়ুয়ারাও চেখে দেখলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের খাঁটি খেজুরের গুড় ও নানা খাদ্যসামগ্রী।” বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক রামকৃষ্ণ মাইতি বলেন, “পড়ুয়াদের সামনে হাতেনাতে এই বিষয়টি তুলে ধরাও গেল; আর আমরাও সকলে আমাদের নিজেদের ক্যাম্পাসের গাছ থেকে তৈরি খাঁটি খেজুরের গুড় বা নলেন গুড়ের স্বাদ নিতে পারলাম! বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও সেই স্বাদ নিয়ে গেলেন।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এবারের ‘সর্বভারতীয়’ মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হরিয়ানার গুরু J.U.S.T বিশ্ববিদ্যালয়। গত ১৩ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে তারা পাঞ্জাবের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়-কে ২-০ গোলে পরাজিত করে। গোল দু’টি করেন নিকেতা বিষ্ণুই এবং অঞ্জু বিষ্ণুই (ক্যাপ্টেন)। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় (Best Player) মনোনীত হয়েছেন গুরু J.U.S.T-র পুনম শর্মা। পুনম ভারতের অনূর্ধ্ব ২০ (U-20) মহিলা ফুটবল দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য বলে জানা গেছে।

‘চ্যাম্পিয়ন’ গুরু J.U.S.T বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা:

‘রানার্স’ গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago