দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম পোস্টঅফিসে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য! বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত বোমাতঙ্কে বন্ধ রাখা হয় পোস্টঅফিস। গ্রাহকদের বের করে দিয়ে লাগিয়ে দেওয়া হয় মূল ফটক। পোস্টমাস্টার সহ কর্মীরাও বেরিয়ে যান। খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানার অধীন হিজলি পুলিশ ফাঁড়িতে। এদিকে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন পোস্টঅফিসে আসা গ্রাহকরা। কেউ এসেছিলেন পিএলআই-র টাকা জমা দিতে, কেউ আবার জরুরি স্পিড পোস্ট করতে। পোস্ট অফিস বন্ধ দেখে হতাশ হন তাঁরা। খোঁজ নিয়ে জানতে পারেন, ইমেইলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। বোমাতঙ্কেই বন্ধ পোস্ট অফিস। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। খড়্গপুর শহরের তালবাগিচার বাসিন্দা কৌশিক দেব বলেন, ‘শুনলাম বোমাতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আমরাও একটু আতঙ্কিত। ফিরে যাচ্ছি।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে পুলিশ বাহিনী। পরে পৌঁছয় বোম্ব স্কোয়াডও। স্নিফার ডগ দিয়েও তল্লাশি চালানো হয়।

thebengalpost.net
চাঞ্চল্য আইআইটি খড়গপুর ক্যাম্পাসের পোস্টঅফিসে:

thebengalpost.net
বিজ্ঞাপন:

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বোমাতঙ্কের ইমেইল ঘিরে চাঞ্চল্য ছড়ায় খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পাসপোর্ট কাম পোস্ট অফিসে। তবে, ওই ইমেইল কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসে পৌঁছয় বলে জানা গিয়েছে। তারপরই পোস্টঅফিস ও পাসপোর্ট অফিসগুলিকে সতর্ক করা হয়। এদিন বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সমস্ত কর্মী এবং গ্রাহকদের বের করে দেওয়া হয় পোস্টঅফিস থেকে। আইআইটি খড়্গপুর পোস্টঅফিসের কর্মী সমরেশ উত্থাশিনী বলেন, ‘১২টা নাগাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে একটি মেইল সম্পর্কে আমাদের জানানো হয়। তারপরই পরিষেবা বন্ধ রেখে আমরা বাইরে বেরিয়ে আসি। পুলিশকেও জানানো হয়েছে।’ বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশ ও বোম্ব স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালিয়ে অবশ্য কিছুই পায়নি বলে জানা গিয়েছে।

thebengalpost.net
পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি: