দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক সংলগ্ন এলাকায় এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য! ঘটনাটি ঘটেছে মেদিনীপুর গ্রামীণের গুড়গুড়িপাল থানার অধীন গোপগড় এলাকায়। এদিন সন্ধ্যা নাগাদ কেউ বা কারা গোপগড় ইকোপার্ক সংলগ্ন জঙ্গলে দম্পতির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তাঁরাই খবর দেন গুড়গুড়িপাল থানায়। দ্রুত পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন পিন্টু দাস (৩৮) ও তাঁর স্ত্রী মধুমিতা দাস (৩২)। বাড়ি মেদিনীপুর শহরের পানপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান ওই ওয়ার্ডের (মেদিনীপুর পুরসভার ১৩নং ওয়ার্ডের) তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোজাম্মেল হোসেন। তিনি বলেন, ‘মর্মান্তিক ঘটনা। আমি স্তব্ধ হয়ে গেলাম! বাড়িতে একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে। দম্পতি চরম সিদ্ধান্ত কেন নিলো, বুঝতে পারছি না। তবে, খোঁজ নিয়ে জেনেছি, প্রচুর ঋণ হয়ে গিয়েছিল। পাওনাদারেরা আসছিল বাড়িতে। তাঁদের কথায় অপমানিত হয়েই হয়তো আত্মঘাতী হয়েছেন।’ মৃত পিন্টু দাসের এক ভাই (জেঠুর ছেলে) কৃষ্ণ দাস বলেন, ‘দাদা (পিন্টু দাস) মেডিক্যালের সেলসম্যানের কাজ করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোন অশান্তি ছিলনা। কেন এমন কাজ করল বুঝতে পারছি না!’ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।










